|
Date: 2026-03-12 23:49:34 |
গোয়ালন্দে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ তেলের অবৈধ মজুদ পাওয়ায় জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান।
অভিযান চলাকালে মেসার্স নান্নু স্টোর নামক একটি প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার ৮০০ লিটার জ্বালানি তেলের অবৈধ মজুদ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০(১) ধারা অনুযায়ী ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় তিনি জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024