“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৮ মার্চ ২০২৬) কারিতাস ময়মনসিংহ অঞ্চলের কারিতাস আলোক কোর-২ প্রকল্পের উদ্যোগে সিওয়াইসিসি সাব অফিস বালুজুড়ি, ধানুয়া কামালপুরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাপ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলএমসি কমিটির সভাপতি অনন্ত ম্রং, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য অঞ্জলী চিসিম, সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ এবং পারি সংস্থা, বক্সীগঞ্জের প্রোগ্রাম অফিসার রতন মানখিন।


আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, সমাজ ও দেশের উন্নয়নে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর শিক্ষা, স্বাস্থ্য, অধিকার ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নারী নির্যাতন, বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কারিতাস আলোক কোর-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা অতুল ম্রং। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিসেস প্রণালী ম্রং।


অনুষ্ঠানে প্রায় ১৫৭ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। আলোচনার মাধ্যমে নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে নারীর সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024