|
Date: 2026-03-03 20:35:56 |
নাগেশ্বরীতে রায়গঞ্জ ইউনিয়নে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ হোসেনসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ ২০২৬ (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে নাগেশ্বরী উপজেলা সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন রায়গঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ হোসেন। পথে রায়গঞ্জ ইউনিয়নের বোর্ডের বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা যুবলীগ কর্মী দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
ছিনতাই ও আহতের দাবি অভিযোগ রয়েছে, হামলাকারীরা আরিফ হোসেনকে বেধড়ক মারধর করে এবং তার কাছে থাকা নগদ ১ লক্ষ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় আরিফের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় আরিফ হোসেনসহ মোট তিনজন গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নাগেশ্বরী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
© Deshchitro 2024