|
Date: 2026-03-02 17:27:24 |
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের ক্ষেতলাল পৌর শহরকে একটি দৃষ্টিনন্দন, স্বাস্থ্যসম্মত ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২ মে) বেলা ১১টায় নির্মাণাধীন ক্ষেতলাল পৌরসভা ভবন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ক্ষেতলাল পৌরসভার উদ্যোগে আয়োজিত এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ।
অভিযান চলাকালে পৌর প্রশাসক অবৈধভাবে পানি নিষ্কাশনের খাল দখল করে থাকা ব্যক্তিদের সতর্ক করেন। তিনি স্পষ্ট জানান, পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী যেকোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল দখলমুক্ত রাখা হবে। এ সময় তিনি স্থানীয় জনসাধারণকে সচেতন হওয়ার এবং খাল বা ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান।
এসময় তিনি বলেন, "পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একটি পরিচ্ছন্ন পরিবেশ শুধু বাহ্যিক সৌন্দর্যই বাড়ায় না, বরং মানুষের মন-মানসিকতা ও স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। ক্ষেতলাল পৌরসভাকে একটি দৃষ্টিনন্দন ও পরিকল্পিত শহরে রূপান্তর করতে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।"
পৌর কর্তৃপক্ষ জানায়, শহরকে আবর্জনামুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং নাগরিকদের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং শহরের সৌন্দর্য রক্ষায় সক্রিয় অংশগ্রহণের জন্য শহরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ এবং পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024