|
Date: 2026-03-02 17:26:04 |
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
১ মে (রবিবার) সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার মুন্দাইল মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মুন্দাইল গ্রামের আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) একই গ্রামের এক নারীর ঘরে জোরপূর্বক প্রবেশ করে তাকে জড়িয়ে ধরেন এবং বিভিন্ন কুপ্রস্তাব দেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির সৃষ্টি হয়। একপর্যায়ে আত্মরক্ষার্থে ওই নারী ধারালো বস্তু দিয়ে আঘাত করলে অভিযুক্তের পুরুষাঙ্গ কেটে যায়।
ভুক্তভোগীর স্বামী মুকুল হোসেন বলেন, “এর আগেও নজরুল ইসলাম বিভিন্নভাবে আমার স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। সম্মানের কথা ভেবে বিষয়টি কাউকে জানাইনি। ঘটনার দিন আমার স্ত্রী ঘরে বসে পায়ের নখ কাটছিল। এ সময় নজরুল ঘরে ঢুকে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। পরে আমার স্ত্রী কৌশলে তাকে বিছানায় শুতে বলে এবং ব্লেড দিয়ে আঘাত করে।” তিনি আরও জানান, এ ঘটনায় তারা থানায় এসে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম (নজু)-এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এমন কিছুই ঘটেনি,” বলে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি আর রিসিভ করেননি।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
© Deshchitro 2024