|
Date: 2026-02-21 14:38:52 |
কুড়িগ্রামের উলিপুরে চিরকুটে বেকারত্বে কথা লিখে আবুল কালাম(১৮) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার দলদলিয়া ইউনিয়নে স্লুইসগেট এলাকার গণকপাড়া গ্রামের মোঃ গোলজার আলীর ছেলে।
পারিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে আবুল কালাম কোন এক সময় আত্মহত্যা করেছে। সেহরি খাওয়ার জন্য তার মা তাকে ডাকতে যান। অনেক ডাকাডাকির পরও সন্তানের কোন সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের লোকজন চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন এসে ঘরের দরজা ভেঙে আবুল কালামের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
তার শয়নকক্ষে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল- প্রিয় পরিবার। আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মত পরিবার আমি পাইছি। কিন্তু আমার মনে হয়, আমার মত ছেলে পেয়ে তোমরা একটুও সুখী নও। কারণ আমি বেকার। আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদেরকে খাওয়াইতে পারি নাই। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আর আমার জন্য দোয়া করিও। আর আমিও দোয়া করি, আমার মত ছেলে যেন কোনো পরিবারে না জন্মে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
© Deshchitro 2024