|
Date: 2026-02-19 02:31:29 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
লোহাগাড়া উপজেলার এক কলোনিতে হঠাৎ করেই নেমে আসে চাঞ্চল্য ও উৎকণ্ঠার ছায়া। সৎ কন্যাকে ধর্ষণের অভিযোগে নুরুল আমিন নামের এক যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ ও সেনাবাহিনী। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় তবলা বাদক নুরুল আমিন দীর্ঘদিন ধরে লোহাগাড়া মা মনি হাসপাতালের পেছনে রফিকের কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। প্রায় চার থেকে পাঁচ বছর আগে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখানে ওঠেন। তার স্ত্রীর পূর্বের স্বামীর ঔরসজাত ১২ বছর বয়সী এক কন্যাও একই পরিবারের সঙ্গে বসবাস করত।
অভিযোগ অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি বুধবার অভিযুক্তের স্ত্রী তার শিশু সন্তানকে নিয়ে হাসপাতালে যায়৷ আর কিশোরী মেয়েকে বাড়ীতে রেখে যায়। সেই সুযোগে লম্পট নুরুল আমিন সৎ পিতা অসহায় কিশোরী মেয়েটিকে ধর্ষণ করে। হাসপাতাল থেকে দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তের স্ত্রী ঘরে আপত্তিকর একটি পরিস্থিতি দেখতে পান। তিনি তার মেয়েকে অভয় দিয়ে বিষয়টি জানতে চাইলে মেয়েটি তার সৎ পিতা কর্তৃক ধর্ষিত হওয়ার বিষটি তার মাকে জানান।বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের খবর দেন। মুহূর্তের মধ্যে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আগে তাকে গণধোলাই দেয় বলে স্থানীয়রা জানান।
পরিস্থিতির অবনতি হতে পারে আশঙ্কায় স্থানীয়রা লোহাগাড়া সেনা ক্যাম্পে খবর দেন। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে লোহাগাড়া থানায় সোপর্দ করে।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়দের দাবি, নুরুল আমিন দীর্ঘ সময় ধরে মায়ানমার থেকে এসে লোহাগাড়ায় বিভিন্ন জায়গায় বসবাস করে আসছেন। যদিও তার পরিবার নিজেদের কক্সবাজারের বাসিন্দা বলে পরিচয় দিয়ে আসছিলেন।
ঘটনাটি এলাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। সচেতন মহল মনে করছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত সতর্কতা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অভিযুক্ত আটক হওয়ায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
© Deshchitro 2024