|
Date: 2026-02-13 09:24:13 |
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬ (বাঘা- চারঘাট )আসনে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তিনি জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হককে ৫৫ হাজার ৭০৭ ভোটে পরাজিত করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী,আবু সাঈদ চাঁদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুস সালাম সরুজ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬২৮ ভোট।
জাতীয় পার্টি র ইকবাল হোসেন নাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৩০ ভোট।
এ আসনে মোট বৈধ ভোট ২ লাখ ৪৬ হাজার ১৯৫। বাতিল ৭১০৭ ভোট। প্রদত্ত ভোটের হার ৭০.৯৬ ভাগ।
সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাঘা ও চারঘাটে ১১৯ ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাঘাতে ৬১ টি এবং চারঘাটে ৫৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা যায়।
এ আসনে মূল লড়াই জমে ওঠে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাঈদ চাঁদ, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের মধ্যে । শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জয় ছিনিয়ে নেন আবু সাঈদ চাঁদ।
হাজারো লড়াই-সংগ্রামের পর নিজ এলাকায় নির্বাচনে অংশ নিয়ে এ বিজয়কে জনপ্রিয়তার প্রমাণ হিসেবে দেখছেন স্থানীয়রা। অনেকেই এটিকে ‘জনগণের ভালোবাসার প্রতিফলন’ বলে মন্তব্য করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবু সাঈদ চাঁদ বলন, “এ বিজয় আমার চারঘাট- বাঘার প্রাণের মানুষের বিজয়। সবার দোয়া ও সহযোগিতা চাই। আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে একসাথে কাজ করতে চাই।”
ফলাফল ঘোষণার পর তার সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
© Deshchitro 2024