|
Date: 2026-02-12 15:51:26 |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা যায়, ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলার সময় ১ নম্বর বুথে কয়েকজন ব্যক্তি ভোট দেওয়ার কথা বলে প্রবেশ করে। একপর্যায়ে তারা সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট বই ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রায় ৪০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে।
ঘটনার পরপরই পুলিশ ও আনসার সদস্যরা অভিযান চালিয়ে ধানের শীষ প্রতীকে সিল মারা ৬০টি ব্যালটসহ খোয়া যাওয়া তিনটি ব্যালট বই উদ্ধার করেন। এ সময় স্থানীয় বাসিন্দা মো. মাসুদ মিয়া ও বিল্লাল হোসেনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যালট বইসহ আটক মাসুদ মিয়াকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ তানভীর আহমেদ এ রায় প্রদান করেন।
অন্যদিকে, বিল্লাল হোসেনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিবরাত চৌধুরী।
নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং পরে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।
এদিকে একই দিনে সদর উপজেলার হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বেলা সাড়ে ১১টার দিকে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
© Deshchitro 2024