ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার–প্রচারণার শেষ পর্যায়ে মাদারীপুর-১ (শিবচর) আসনে ভোটের মাঠে শক্ত অবস্থান জানান দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাদিরা আক্তারের জনসভাকে ঘিরে সোমবার শিবচরে দেখা গেছে নজিরবিহীন জনসমাগম।


সোমবার বিকাল ৩টায় শিবচরের ঐতিহ্যবাহী হাতির বাগান মাঠে অনুষ্ঠিত এই জনসভায় দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ধানের শীষ প্রতীকের স্লোগান দিতে দিতে সমবেত হতে থাকেন। একপর্যায়ে ঐতিহাসিক হাতির বাগান মাঠ জনসমুদ্রে পরিণত হয়।


জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-১ শিবচর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী নাদিরা আক্তার। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।


সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহাদাত হোসেন খান (সাহাদাত কমিশনার)। জনসভা পরিচালনা করেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা সোহেল রানা।


এ সময় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপির আহ্বায়ক ও সাধারণ সম্পাদকসহ দলটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


জনসভাকে কেন্দ্র করে হাতির বাগান মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্লোগান, মিছিল ও বিপুল জনসমাগমে পুরো এলাকা রাজনৈতিক উত্তাপে মুখর হয়ে ওঠে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024