|
Date: 2026-02-08 19:54:38 |
ভোটের লড়াইয়ে নেমে শুরুতেই হোঁচট খেলেন যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজী। নির্বাচনী তফসিল ঘোষণার পর ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।ঘটনাটি ঘটে গত ১ ফেব্রুয়ারি বিকেলে অভয়নগরের পাইকপাড়ায়। সেখানে শ্রী শ্রী বীরেশ্বর ফকির বাড়ি মন্দিরে আয়োজিত ‘মতুয়া সম্মেলনে’ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাজী। উৎসবমুখর পরিবেশে তিনি মন্দির কমিটির হাতে নগদ অর্থ তুলে দেন। তবে নির্বাচনী আইন অনুযায়ী, ভোটের তফসিল ঘোষণার পর কোনো প্রার্থীর পক্ষে এ ধরনের আর্থিক সহায়তা বা প্রতিশ্রুতি দেওয়া সরাসরি নিষিদ্ধ।
বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেন বিচারিক কমিটির বিচারক মতিউর রহমান। তিনি নিজেই সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন। প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় গত ৪ ফেব্রুয়ারি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (সমন) পাঠানো হয়।রবিবার আদালতে হাজির হয়ে মতিয়ার রহমান ফারাজী নিজের ভুল অকপটে স্বীকার করে নেন। তিনি আদালতকে জানান, এটি একটি অনিচ্ছাকৃত ভুল ছিল এবং ভবিষ্যতে তিনি শতভাগ সতর্ক থাকবেন। তার আন্তরিক স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধের পর তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা অন্যান্য প্রার্থীদের জন্য একটি কড়া বার্তা। ভোটের মাঠে জনসেবার নামে আইনি সীমানা অতিক্রম করলে যে পার পাওয়া যাবে না, প্রশাসনের এই তৎপরতা তারই প্রমাণ।
© Deshchitro 2024