|
Date: 2026-02-01 21:11:02 |
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ১৪ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে।
রবিবার (০১ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ বৈকারী, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একযোগে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ঔষধ ও অন্যান্য চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সদর উপজেলার বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল বৈকারী এলাকা থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। অপরদিকে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন গেড়াখালি এলাকা থেকে ১০ লাখ ১৬ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ঔষধ আটক করতে সক্ষম হয়।
এছাড়া মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল চান্দা মাঠ এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে। একই সময়ে সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন তালশাড়ী এলাকা থেকে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও চশমা আটক করে।
এভাবে অভিযানে সর্বমোট ১৩ লক্ষ ৮৬ হাজার ৮ শত টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, চোরাকারবারিরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসব চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ভারতীয় চোরাচালানী পণ্য দেশের অভ্যন্তরীণ শিল্পের জন্য মারাত্মক ক্ষতির কারণ এবং এর ফলে সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
© Deshchitro 2024