|
Date: 2026-01-31 15:05:27 |
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি :
গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মোট ১২ বার সংসদে গেলেও তারা কেউ কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “কোরআন যদি সংসদে যায়, তবে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সংসদ থেকে চিরতরে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ।”
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সবসময় ইসলামের আইন চায়। শুধু মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করলেই দায়িত্ব শেষ হবে না, কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে হবে। যে দলে দুনিয়া ও আখিরাতের কর্মসূচি আছে, সেই দলকে সবার সমর্থন করা উচিত।
জনসভায় জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। বিগত সরকারের সময়ে নিজের ওপর ঘটে যাওয়া জুলুম ও অবিচারের কথা তুলে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন। নির্বাচিত হলে তিনি তাঁর এলাকার আঁচরাঙ্গা দিঘী, বিলেরঘাট ও নান্দাইল দীঘির মতো পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন।
উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া ও সহ-সেক্রেটারি মামুনুর রশিদ। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন শুরা সদস্য অ্যাডভোকেট নুরুজ্জামান সরকার, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, এবি পার্টির জেলা সভাপতি সুলতান মো. সামসুজ্জামান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন প্রমূখ।
© Deshchitro 2024