মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ থানাধীন ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মোসাঃ ইয়াসমিন জাহার (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে সর্বমোট ৯৮৩ (নয়শত তিরাশি) বোতল ফেনসিডিল (WINCEREX) উদ্ধার করা হয়, যা পরবর্তীতে জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতক্ষীরার কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024