|
Date: 2026-01-24 17:36:10 |
স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত আস্থা প্রকল্পের উদ্যোগে গঠিত শেরপুর জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে “শান্তি ও সামাজিক সম্প্রীতি উন্নয়নে নাগরিক সংলাপ” অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার সকালে শেরপুর শহরের নিউমার্কেটস্থ নিউ আলীশান রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন ধর্মীয় ও শিক্ষক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, নারী নেত্রী, প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি, পেশা ও ধর্মের লোকজন।
সভায় বক্তারা বলেন, শান্তি ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে হলে একটি অন্তর্ভুক্তিমূলক টেকসই সমাজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, প্রান্তিক জনগোষ্ঠীর মতামত ও অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল। তিনি বলেন, সরকার, নাগরিক সংগঠন ও এনজিও সমাজের সকলের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে শান্তি ও সামাজিক সম্প্রীতি উন্নয়নে কাজ করে যাচ্ছে।
জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, “হিজড়া, বেদে, হরিজন ও কোচসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জনগণ তাদের নাগরিক অধিকার থেকে দীর্ঘসময় ধরে বঞ্চিত। প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় নিয়ে আসতে হবে।”
সভাপতির বক্তব্যে শেরপুর জেলা নাগরিক প্লাটফর্ম এর আহ্বায়ক সহকারী অধ্যাপক (অব.) মো. আবুল হাশেম বলেন, “আমাদের সমাজ ব্যবস্থায় নানা কারণে অশান্তি তৈরি হয়, সেখান থেকে সামাজিক সম্প্রীতি নষ্ট হয়। তাই আমাদের কাজ হচ্ছে সেই সমস্ত প্রক্রিয়া অবলম্বন করা, যেন অশান্তি না হয় ও সম্প্রীতি নষ্ট না হয়।”
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোচ সম্প্রদায়ের নেতা যুগল কিশোর কোচ, হরিজন সম্প্রদায়ের নেত্রী মুক্তা হরিজন, নাগরিক প্লাটফর্ম, শেরপুরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ।
© Deshchitro 2024