ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আসনটিতে দুইটি দলের শীর্ষ দুই নেতা সহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (২১শে জানুয়ারী) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক:

বিএনপি ও জমিয়ত জোট মনোনীত প্রার্থী জমিয়ত মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী (খেঁজুর গাছ প্রতীক), বাংলাদেশ ন্যাপ মনোনীত ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি (গাভী প্রতীক), জামায়াত মনোনীত জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার (দাঁড়িপাল্লা প্রতীক), জাতীয় পার্টি মনোনীত জেলা জাপার সহ-সভাপতি তছলিম উদ্দিন (লাঙ্গল প্রতীক), ইসলামী আন্দোলন মনোনীত ডোমার উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল জলিল (হাতপাখা প্রতীক), বাসদ-মার্কসবাদী মনোনীত জেলা সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম (কাঁচি প্রতীক), জেপি মনোনীত মুক্তিযোদ্ধা ডা. মখদুম আজম মাশরাফি তুতুল (বাইসাইকেল প্রতীক) ও বিএনএফ মনোনীত বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (টেলিভিশন প্রতীক)।

নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, আসনটিতে মোট ৪ লক্ষ ৫৬ হাজার ৬১০ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২৯ হাজার ৭৮২ জন, মহিলা ভোটার ২ লক্ষ ২৬ হাজার ৮২৬ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার ০২ জন। দুই উপজেলা মিলে মোট ১৫৪টি ভোটকেন্দ্র এবং ৮২৩টি ভোটকক্ষ রয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024