|
Date: 2026-01-21 19:50:01 |
রাজবাড়ীর পাংশায় ১০ মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ১০টি মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র, নগদ অর্থ ও চুরি যাওয়া ছাগল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানাধীন শরিষা ইউনিয়নের শেখপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোঃ মিঠু শেখ (৩৫)–কে গ্রেপ্তার করা হয়। তিনি পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের খোরশেদ শেখের ছেলে।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে দস্যুতার ঘটনায় ব্যবহৃত একটি লোহার রড, একটি হাসুয়া এবং বিভিন্ন মূল্যমানের ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিঠু শেখের বিরুদ্ধে পাংশা থানায় মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে—২টি অস্ত্র মামলা, ২টি চাঁদাবাজি মামলা, ১টি ডাকাতির প্রস্তুতির মামলা, ২টি মাদক মামলা এবং অন্যান্য ৩টি মামলা।
অন্যদিকে, পৃথক আরেক অভিযানে পাংশা থানাধীন কলেজ মোড় এলাকা থেকে চুরি হওয়া দুটি ছাগল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য দরুদ আলী প্রামানিককে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মোঃ ইউসুফ আলী (৪০), পিতা—মোঃ আক্কেল আলী নামের এক সন্দেহভাজন আসামিকেও আটক করা হয়।
পাংশা মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজনকেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পাংশা উপজেলায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024