|
Date: 2026-01-16 21:26:38 |
দেশে তুলা উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে শেরপুরে তুলা চাষি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে তুলা উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ জোনের উদ্যোগে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “তুলা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, যাকে সাদা সোনা বলা হয়। দেশে তুলার চাহিদা অনেক বেশি হলেও এর বড় একটি অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে সরকার তুলা চাষ বাড়ানোর লক্ষ্যে কৃষকদের প্রণোদনাসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে।”
তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তরের উপপরিচালক মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. খালেদা ইয়াছমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. একেএম হারুন-অর-রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন। এছাড়া বক্তব্য দেন শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কটন ইউনিট অফিসার মো. নুরুল আলম, তুলা চাষি মোখলেছুর রহমানসহ অন্যান্যরা। এ সময় তুলা উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলার অর্ধশতাধিক তুলা চাষি উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024