সাতক্ষীরা মাহমুদপুরে অটো রাইস মিল থেকে নির্গত কালো ছাইয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। বসতবাড়ি, কৃষিজমি ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে তারা ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে দীর্ঘদিন ধরে রিয়াজুলের অটো রাইস মিল থেকে নির্গত কালো ছাই বাতাসে উড়ে আশপাশের বসতবাড়ি ও ফসলি জমিতে জমছে। এতে ঘরের আসবাবপত্র নোংরা হওয়ার পাশাপাশি ধান, সবজি ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় কৃষকদের। একই সঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

এই পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকাল ৪টার দিকে মাহমুদপুর গ্রামে রিয়াজুলের অটো রাইস মিলের সামনে এলাকাবাসী ঝাড়ু মিছিল বের করে। পরে তারা ভোমরা–সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়। সড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

বিক্ষোভকারীরা জানান, বারবার অভিযোগ করা হলেও মিল কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। দ্রুত মিলের কালো ছাই নিয়ন্ত্রণ, আধুনিক ফিল্টার স্থাপন ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এলাকাবাসীর দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে অটো রাইস মিলের দূষণ বন্ধ করা হোক এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করা হোক।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024