|
Date: 2026-01-13 20:58:52 |
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে যশোর জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় বা ঐতিহ্যবাহী কালেক্টরেট চত্বরে সাধারণ মানুষের অবাধ যাতায়াত এবং টিকটকসহ সব ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ডের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।বর্তমানে যশোর জেলা প্রশাসকের কার্যালয়টি নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। নির্বাচনের আগে প্রশাসনিক স্পর্শকাতরতা এবং আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই এলাকাটিকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় আনা হয়েছে। বিশেষ করে বিকেলে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটাচ্ছিল বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্প্রতি কালেক্টরেট চত্বরের পুকুরপাড় সংস্কার, আধুনিক টাইলস স্থাপন এবং পুকুরে রঙিন মাছ ছাড়ার ফলে এলাকাটি স্থানীয়দের কাছে অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়। প্রতিদিন বিকেলে শত শত মানুষ সেখানে ছবি তুলতে, আড্ডা দিতে এবং মোবাইল ফোনে টিকটক ভিডিও তৈরি করতে ভিড় করতেন। তবে নির্বাচনের ডামাডোলে এই জনসমাগম এখন নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা জানান, এই নিষেধাজ্ঞা মূলত পর্যটক বা বিনোদনপ্রত্যাশীদের জন্য। তবে যারা জরুরি দাপ্তরিক কাজে বা আইনি প্রয়োজনে ডিসি অফিসে আসবেন, তাদের জন্য দ্বার বন্ধ নয়।প্রয়োজনীয় নথিপত্র বা দলিলাদি প্রদর্শন করে সেবাগ্রহীতারা আগের মতোই ভেতরে প্রবেশ করতে পারবেন। তবে অযথা ঘোরাঘুরি বা ভিডিও করা এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ।"জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১২ জানুয়ারি) থেকে এই আদেশ কার্যকর হয়েছে। নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কড়াকড়ি বহাল থাকবে। ভোট পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনা করে পুনরায় জনসাধারণের জন্য চত্বরটি উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
© Deshchitro 2024