|
Date: 2026-01-08 00:08:09 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়জুর রাজ্জাক আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ঝিনাইগাতীতে গবাদিপশু ও পোলট্রি খামারিদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় মেলার আয়োজন করা হয়। মেলায় গরু, ছাগল, মহিষ, পাখি, কবুতরসহ বিভিন্ন শ্রেণির খামারিরা অংশ নেন। প্রতিযোগিতার মাধ্যমে বিচারকমণ্ডলী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের নির্বাচন করেন।
বিজয়ীদের মাঝে নগদ অর্থ, চেক ও সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি মেলা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “খামার ও কৃষিভিত্তিক উদ্যোক্তা হয়ে নিজের ও পরিবারের স্বাবলম্বিতা অর্জন করা সম্ভব। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়।”
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাত বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং এ ধরনের আয়োজন খামারিদের উৎসাহিত করে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সাফল্য কামনা করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার খামারিরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024