যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ছোট-বড় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নিয়ম উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। বিকেল ৪টায় স্কুল ছুটি হওয়ার কথা থাকলেও টানা কয়েকদিন ধরে ৩টার মধ্যেই স্কুল তালাবদ্ধ করে শিক্ষকরা চলে যাচ্ছেন বলে জানা গেছে। সরকারি নির্দেশনা অমান্য করার এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।সরেজমিনে তদন্তে গিয়ে দেখা যায়, বিকেল ৩টার সময়ই বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। প্রাঙ্গণে কোনো শিক্ষক, কর্মচারী বা শিক্ষার্থীর দেখা মেলেনি। স্থানীয়দের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং গত কয়েকদিন ধরেই নিয়মিত ৩টার সময় স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে।বিদ্যালয় সংলগ্ন ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, যেখানে সরকারি নিয়ম অনুযায়ী ৪টা পর্যন্ত পাঠদান ও দাপ্তরিক কাজ চলার কথা, সেখানে শিক্ষকদের এমন স্বেচ্ছাচারিতায় ব্যাহত হচ্ছে শিশুদের শিক্ষা কার্যক্রম।একজন ক্ষুব্ধ অভিভাবক বলেন, “আমরা সন্তানদের স্কুলে পাঠাই শিক্ষার জন্য। কিন্তু শিক্ষকরা যদি নিয়ম ভেঙে ৩টার সময় স্কুল বন্ধ করে চলে যান, তবে আমাদের ছোট ছোট বাচ্চারা তাদের কাছ থেকে কী শিখবে? এভাবে চললে প্রতিষ্ঠানের মান ও এলাকা শিক্ষার পরিবেশ নষ্ট হবে।”

এই বিষয়ে যশোর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি জানান, বিকেল ৩টায় স্কুল বন্ধ করার কোনো দাপ্তরিক নির্দেশনা বা অনুমতি কাউকেই দেওয়া হয়নি।তিনি আরও বলেন, “আমি কোনো প্রধান শিক্ষককে নির্ধারিত সময়ের আগে স্কুল ত্যাগের অনুমতি দিইনি। যদি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকসহ দায়ী প্রত্যেকের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”গ্রামবাসীর অভিযোগ, শিক্ষকদের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে সরকারি প্রাথমিক শিক্ষার প্রতি মানুষের আস্থা কমছে। তারা এই সমস্যার দ্রুত সমাধান এবং সরকারি নিয়ম অনুযায়ী ৪টা পর্যন্ত স্কুল খোলা রাখার বিষয়টি নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024