|
Date: 2026-01-04 20:16:22 |
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের নারায়নজোল গ্রামে প্রকাশ্য দিবালোকে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয়ের আড়ালে সংঘবদ্ধ মাদকাসক্ত যুবকদের হামলায় এক প্রতিবন্ধী ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অভিযুক্তদের নেতৃত্বে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের ছেলে, যুবলীগ নেতা ও কথিত মাদক ব্যবসায়ী বদরুজ্জামান ওরফে বদরুল এবং তার সহযোগী মনি চৌকিদার।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যায় নারায়নজোল বাজারে প্রতিবন্ধী জাহাঙ্গীরের ছেলে জাহিদ হোসেনের সঙ্গে বদরুলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বদরুল ও তার সহযোগীরা জাহিদকে তাড়া করে মারধর শুরু করলে প্রাণ বাঁচাতে জাহিদ দৌড়ে নিজ বাড়িতে আশ্রয় নেয়।
এর কিছু সময় পর মনি চৌকিদার ও তার স্ত্রী জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে জাহিদের বাবা-মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বদরুল তার সঙ্গে থাকা কয়েকজন মাদকাসক্ত যুবককে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালায়।
স্থানীয়দের ভাষ্যমতে, বদরুল বাজার থেকে একটি হাতুড়ি কিনে এনে প্রতিবন্ধী জাহাঙ্গীরের মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হামলাকারীরা জাহাঙ্গীরের স্ত্রী, ছেলে জাহিদসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও বেধড়ক মারপিট করে।
ঘটনার পর স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক বলে জানালে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, সিটি স্ক্যান রিপোর্টে তার মাথায় গুরুতর আঘাতের প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার পরও অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে দাপট দেখিয়ে বেড়াচ্ছে। উল্টো তারা জাহাঙ্গীর ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের হুমকি দিচ্ছে এবং পরিবারটিকে গ্রামছাড়া করার ঘোষণাও দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
প্রতিবন্ধী জাহাঙ্গীরের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার স্বামী একজন প্রতিবন্ধী মানুষ, কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। পরিকল্পনা করে হাতুড়ি দিয়ে মাথায় মেরে আজ তাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। এখন যারা মারছে, তারাই আবার আমাদের হুমকি দিচ্ছে—মামলা করবে, গ্রাম ছাড়তে বাধ্য করবে। আমরা কোথায় যাবো?”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, নারায়নজোল গ্রামে আওয়ামী লীগ ও যুবলীগের একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নির্যাতন করে আসছে। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এসব সন্ত্রাসীরা আইনের ঊর্ধ্বে থেকে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত রয়েছে।
আগরদাঁড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমিরুল ইসলাম বলেন,
“বদরুলের বাবা আব্দুল মান্নান একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। বদরুল এলাকায় বদ প্রকৃতির ছেলে হিসেবেই পরিচিত। তবে ঘটনার বিস্তারিত এখনও পুরোপুরি জানা যায়নি।”
ওই ওয়ার্ডের ইউপি সদস্য আশারুল ইসলাম বলেন,
“ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে মারপিট হয়েছে এবং মাথায় হাতুড়ির আঘাতের বিষয়টি শুনেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি।”
জামায়াতে ইসলামীর স্থানীয় আমীর মো. রবিউল ইসলাম জানান, তিনি এখনো ঘটনাটি সম্পর্কে অবগত নন এবং কেউ তাকে জানায়নি।
এদিকে অভিযুক্ত বদরুলের বক্তব্য পাওয়া না গেলেও মনি চৌকিদার অভিযোগ অস্বীকার করে বলেন,
“প্রতিবন্ধী জাহাঙ্গীর ও তার ছেলে জাহিদ আমাদের বাড়িতে এসে আমার মেয়েকে গালিগালাজ করেছে এবং আমাকে ও আমার স্ত্রীকে মারধর করেছে। আমরা চিকিৎসা নিয়েছি।”
তবে কোন হাসপাতালে ভর্তি ছিলেন—এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
“এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© Deshchitro 2024