|
Date: 2026-01-03 19:04:16 |
আশাশুনিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় ফেস্টুন উড়িয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু।
“প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন আসাদুল ইসলাম আসাদ।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম, সদর জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে মোঃ সেলিম শাহরিয়ার, শ্রেষ্ঠ এনজিও কর্মী হিসেবে আইডিয়াল এনজিওর সুব্রত বাছাড় এবং বারসিক এনজিওর আসাদুল ইসলাম আসাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024