শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এলিট গার্মেন্টস। রংপুরের পীরগাছা উপজেলায় এলিট গার্মেন্টসের সৌজন্যে প্রায় সাত শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের থানাবর গ্রামে পাওটানা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপু হাসানের বাড়ির উঠানে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরইবি পল্লীবিদ্যুৎ বোর্ডের সাবেক সদস্য ও এলিট গ্রুপের ডিরেক্টর প্রকৌশলী আমজাদ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়ি ছাওলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র ও শীতার্ত প্রায় সাত শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

আম্বার আলীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানাবর জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফুল আলম, আবু সাঈদ, আইয়ুব হোসেন, তাওহীদুল ইসলাম রিফাত, আরাফাত ইসলাম, মমিনুল ইসলাম সুমন, শরিফুল ইসলাম শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ সাজিদুল ইসলাম। পরে এলিট গ্রুপের মালিকসহ সকলের মঙ্গল ও দেশের সার্বিক কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন হাজী ছফের উদ্দিন মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মো. ইলিয়াস মিয়া।

কম্বল পেয়ে শীতার্ত উম্মে কুলছুম, মমেনা, ওমর আলী, আব্দুল জলিল ও গোলাপি রানী তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, “আমরা এ পর্যন্ত সরকারি বা কারো কাছ থেকে কোনো কম্বল পাইনি। এই কনকনে শীতে আজ এলিট গ্রুপের পক্ষ থেকে একটি কম্বল পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। এজন্য এলিট গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

এ ধরনের মানবিক উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসা দেখা গেছে। স্থানীয়রা বলেন, শীতের সময় বিত্তবান ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর এ ধরনের সহায়তা শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024