শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন জমি বেদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, একই এলাকার মুন্নাফ গং একটি প্রভাবশালী চক্র বিদ্যালয়ের জমি দখলের পাঁয়তারা করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার জানান, ১৯৮৯ সালে একই গ্রামের আনছার আলী ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের নামে এক একর জমি দলিল করে দেন। ওই দলিলের ভিত্তিতেই ১৯৮৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তবে দীর্ঘদিন ধরে জমির একটি অংশ মুন্নাফ গংরা অবৈধভাবে দখল করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। প্রধান শিক্ষক আরও বলেন, জমি দখলের উদ্দেশ্যে ইতিমধ্যেই অভিযুক্তরা বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও কাঁটাতারের বেড়া ভেঙে ফেলে। একই সঙ্গে বিদ্যালয়ের জমিতে খড়ের পাল্লা ও গরু রাখার একটি ছাপড়া ঘর নির্মাণ করে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জমি দখলের সুস্পষ্ট চেষ্টা চালানো হচ্ছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষকরা। বিদ্যালয়ের জমি রক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসী ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন প্রধান শিক্ষক সালমা আক্তারসহ বিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে মুন্নাফ গংরা জানান, আমরা বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা করিনি। সরকারি খাস জায়গায় আমরা বসতবাড়ি করে আছি। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024