রংপুরের পীরগাছায় বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ী উচ্চ বিদ্যালয় হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দুই শিফটে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ১৪টি মাদরাসার মোট ১ হাজার ২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষাগুলো সম্পন্ন হয়।

পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা ইদ্রিস আলী, মহাসচিব ফারুকুল ইসলাম রাখু, শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।

এ সময় বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা ইদ্রিস আলী বলেন, ২০১৬ সালে কিছু শিক্ষানুরাগী ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় পীরগাছায় বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির কার্যক্রম সারাদেশে বিস্তৃত হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সকল প্রাইভেট মাদরাসাকে একত্রিত করার লক্ষ্যে জোর তৎপরতা চালানো হচ্ছে।

মহাসচিব ফারুকুল ইসলাম রাখু বলেন, “এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে ছোট শিশুদের পরীক্ষাভীতি দূর হচ্ছে। তারা শিখছে কীভাবে পরীক্ষায় অংশ নিতে হয়। পাশাপাশি এটি তাদের মাঝে উৎসবমুখর অনুভূতি তৈরি করছে। বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আত্মবিশ্বাস গড়ে তুলতেই বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশন নিয়মিত এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024