|
Date: 2025-12-25 06:54:30 |
লন্ডন থেকে বিশেষ ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহবায়ক সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেটে যাত্রাবিরতি ও ঢাকায় অবতরণ তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার সকালে প্রথমে সিলেটে যাত্রাবিরতি করবে। এরপর সকাল ১১টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন।
৩০০ ফিটে সংক্ষিপ্ত সংবর্ধনা বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। পথে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ বা ৩০০ ফিট এলাকায় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেখানে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন ও দোয়া করবেন। বিএনপি জানিয়েছে, জনদুর্ভোগ এড়াতে এ অনুষ্ঠানটি বড় কোনো জনসভা হবে না।
হাসপাতালে তিনি তার অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখান থেকে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় যাবেন। আপাতত এ বাসাতেই তিনি অবস্থান করবেন।
জনদুর্ভোগ নিয়ে সতর্ক বার্তা সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান জনদুর্ভোগ এড়াতে সরকারি ছুটির দিনে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। হিথ্রো বিমানবন্দরে সমর্থকদের ভিড় করতে নিষেধ করা হয়েছে। ঢাকায় নেতাকর্মীদের যাতায়াতের জন্য কাঞ্চন ব্রিজ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। তবুও মানুষের চাপের কারণে কোনো সমস্যা হলে দল থেকে অগ্রিম ক্ষমা চাওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দলীয় ভলান্টিয়ার ও সিএসএফ-এর পাশাপাশি সরকারের পক্ষ থেকেও নিরাপত্তার বিষয়ে সহযোগিতা পাওয়া যাচ্ছে।
© Deshchitro 2024