শেরপুরের ঝিনাইগাতীর বাঁকাকুড়া কমিউনিটি সেন্টার হলরুমে ১০ ডিসেম্বর বুধবার এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আয়োজনে হাজং মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রম (এমএলই) উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনর্মিলনী ও মাতৃভাষা চর্চা প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০২২-২০২৩ সালের উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর এসোসিয়েট ডিরেক্টর (প্রোগ্রামস) পিন্টু এলবার্ট পিরিছ। তিনি হাজং জনগোষ্ঠীর মাতৃভাষাভিত্তিক শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে মাতৃভাষার ভিত্তি কীভাবে সহায়ক হতে পারে তা ব্যাখ্যা করেন। এছাড়া আরও বক্তব্য রাখেন এসআইএল-এর শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা এবং এরিয়া সুপারভাইজার রুয়েল কোচ। তারা এমএলই কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার্থীদের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাজং মাতৃভাষা চর্চা প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অভিভাবকদের সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও উৎসাহব্যঞ্জক হয়ে ওঠে। মাতৃভাষাভিত্তিক শিক্ষার প্রসারে এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে তাদের ভাষা-সংস্কৃতির প্রতি আরও অনুরাগী করে তুলবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। মাতৃভাষা প্রতিযোগিতা শেষে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর পক্ষ থেকে ৬ জনকে দুইটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার ও অন্যান্যদেরকে শান্তনা পুরস্কার দেওয়া হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024