|
Date: 2025-12-06 14:32:22 |
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার তারিখ আবারও পিছিয়ে সাম্ভব্য ১০ ডিসেম্বর করা হয়েছে। তবে কবে তিনি বিদেশ যাত্রা করবেন এ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে জানানো হলেও নানা প্রতিবদ্ধকতায় যাত্রা স্থগিত করা হয়। পরে শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য যাত্রার তারিখ হিসেবে ৭ ডিসেম্বর বলা হয়। সেই তারিখও পরিবর্তন করে গতকাল রাতে জানানো হয়, ৯ ডিসেম্বর খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সময় আরও পেছাতে পারে।
খালেদা জিয়ার চিকিৎসা–সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে জানায়, তার শারীরিক অবস্থায় বিশেষ উন্নতি না হওয়ায় যাত্রার পরিকল্পনা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
কাতারের ব্যবস্থাপনায় যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটিরও সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে। শুরুতে ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণ করার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি ১০ ডিসেম্বর ঢাকায় নামবে। সেদিনই খালেদা জিয়াকে নিয়ে বিমানটি লন্ডনে যাত্রা করতে পারে।
এর আগে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি পাঠানো সম্ভব হয়নি। ফলে বিকল্প হিসেবে জার্মানির এফএআই রেন্ট-এ-জেট প্রতিষ্ঠানের একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠানোর ব্যবস্থা করেছে কাতার সরকার। ঢাকায় কাতার দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ গণমাধ্যমকে বলেন, কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠাচ্ছে। চিকিৎসক এবং বিএনপি নেতাদের সঙ্গে সময় সমন্বয় করে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। ১৩ দিন ধরে তিনি সেখানেই ভর্তি আছেন।
© Deshchitro 2024