হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "এই প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাবে হানাদারমুক্ত দিবস" পালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ই ডিসেম্বর) সকাল ১১টার দিকে, উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে, সকাল ৭.৩০মিনিটে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদ পতাকা উত্তোলন করা হয়েছে। পরে বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, মুক্তিযোদ্ধা রবিউস সামাদ, মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব আব্দুল হাইসহ আরও অনেকে। অনুষ্ঠানে চিলমারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ অংশ গ্রহন করেন। এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার বলেন, আজ আমাদের জীবনের বিশেষ মুহূর্ত, বহুদিনের দাবি ছিল "চিলমারীতে হানাদার মুক্ত দিবসকে স্বীকৃতি" দিয়ে তা পালন করার। অবশেষে আজ সেই দিন এসেছে, ভবিষ্যতেও এই কর্মসূচি নিয়মিত পালিত হবে বলে আমরা আশা করি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। চিলমারীর বীরত্বগাথা জাতীয় পর্যায়ে পরিচিত করতে প্রশাসন কাজ করবে বলে জানান। বক্তারা আরও বলেন, ১৯৭১সালের মুক্তিযুদ্ধে "চিলমারীর ভূমিকা কে" দীর্ঘদিন অবহেলা করা হয়েছে। ৪ই ডিসেম্বর চিলমারী হানাদার মুক্ত হলেও দিনটি কখনো আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়নি। এই বার প্রথম বারের মত দিবসটি পালিত হওয়ায়, স্থানীয় মুক্তিযোদ্ধা ও জনগণের মাঝে গর্বের অনুভূতি তৈরি হয়েছে বলে জানান তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024