|
Date: 2025-12-03 22:01:15 |
সুন্দরবন পশ্চিম বন বিভাগ, সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জোঙড়া ও ঝিনুকসহ একটি ট্রলার জব্দ এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা ফজলুল হকের নির্দেশনায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টাফ ও সি.পি.জি সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শ্যামনগর উপজেলার পাতাখালি এলাকার সুন্দরবনসংলগ্ন নদীতে একটি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় ৭৫ বস্তায় ভরা আনুমানিক এক হাজার কেজি জোঙড়া ও ঝিনুকসহ ট্রলার চালক কাওসার সরদার (৪৮) কে আটক করা হয়। তিনি একই উপজেলার পাতাখালি গ্রামের মৃত আব্দুল মাজেদ সরদারের ছেলে।
এদিকে অভিযানের পর গোপন তথ্যের ভিত্তিতে সেদিন রাতেই (মঙ্গলবার ০২ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের অন্তর্ভুক্ত মহসিনের হুলো এলাকায় আরও ৮ বস্তা পরিত্যক্ত জোঙড়া-ঝিনুক উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে—অবৈধ সংগ্রহ ও পাচারকারী চক্র বন বিভাগের তৎপরতা বুঝতে পেরে এসব বস্তা ফেলে Palিয়ে যায়।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রেঞ্জ কর্মকর্তা ফজলুল হকের নেতৃত্বে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টাফ ও সি.পি.জি সদস্যদের উপস্থিতিতে উদ্ধারকৃত সব জোঙড়া ও ঝিনুক নদীতে অবমুক্ত করা হয়। বন বিভাগের নিয়ম অনুযায়ী আটক ট্রলারটি জব্দ করা হয়েছে এবং ট্রলারচালককে বন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং সুন্দরবনের সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
© Deshchitro 2024