|
Date: 2025-12-01 01:03:59 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়া- সাতকানিয়ায় নেমে এসেছে শীতের আমেজ। ভোরের আলো ফুটতেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায় গ্রামের পথঘাট। শীতের হিমেল বাতাস আর শিশিরভেজা সবুজ মাঠ যেন নতুন রূপে সাজিয়ে তুলেছে গ্রামীণ জীবনকে।
ভোর থেকে স্থানীয় কৃষকরা নেমে পড়েন শীতের বিশেষ মৌসুমি ফসলের কাজে। উভয় উপজেলায় শীতকালীন সবজি—মূলা, বাঁধাকপি, ফুলকপি, লাউ ও মুলা তোলার ব্যস্ততা চলছে সর্বত্র। কৃষকদের মুখে শীতের কষ্ট থাকলেও ভালো ফলনের আশায় হাসি ফুটেছে।
গ্রামের পুকুরগুলোর ধারে দেখা যায় কচুপাতায় জমে থাকা শিশিরবিন্দু। অন্যদিকে, দিনমজুর ও শ্রমজীবীরা সকাল ও রাতে আগুন পোহাতে জমায়েত হন। তদুপরি স্থানীয় চায়ের দোকানে রয়েছে সর গরম। গরম রুটি, গরম চা পানে ব্যস্ত সকলে। ভাপা পিঠার দোকানে বাড়ছে ভিড়। নারী-পুরুষ সবারই যেন দিন শুরু হয় গরম চায়ের কাপ হাতে।
লোহাগাড়ার - সাতকানিয়ার পাহাড়ি এলাকায় শীত কিছুটা বেশি অনুভূত হওয়ায় অনেক পরিবার সন্ধ্যার দিকে আগুন জ্বালিয়ে বসেন আড্ডায়। স্থানীয় ছাত্রছাত্রীরাও শীতের সকাল মানেই স্কুলে যাওয়ার আগে কম্বল, মাফলার ও সোয়েটারে নিজেদের গরম রাখার চেষ্টা।
একজন পল্লী চিকিৎসক জানান, শীতে জ্বর-সর্দি বেড়ে যাওয়ায় গ্রামে রোগীর চাপ কিছুটা বেড়েছে। তবে সচেতনতামূলক প্রচারণার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শীতের সকালে কুয়াশায় মোড়া লোহাগাড়া- সাতকানিয়ার গ্রামাঞ্চল যেন প্রকৃতির শীতকালীন সৌন্দর্যের এক অনন্য ছবি। একই সাথে কৃষিকাজ, পিঠার উৎসব এবং সার্বিক শীতের ব্যস্ততা মিলিয়ে গ্রামীণ জীবনে নেমে এসেছে এক আলাদা আনন্দ।
© Deshchitro 2024