|
Date: 2025-11-30 18:51:41 |
৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো সাতক্ষীরায়ও দুই ঘণ্টার প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বি.এন.এ) সাতক্ষীরা জেলা শাখা। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। শাটডাউনের কারণে ওই সময় স্বাস্থ্যসেবা আংশিকভাবে ব্যাহত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা শাখার সভাপতি ডালিয়া পারভীন। এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসরিন খালেদ, ছাত্র-ছাত্রী প্রতিনিধি চঞ্চলা রানীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নার্সিং পেশার দীর্ঘদিনের অর্জন, মর্যাদা ও স্বতন্ত্র অবস্থান রক্ষায় ৮ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা আরও জানান—আগামী ২ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে সারাদেশে স্বাস্থ্যসেবা ও নার্সিং/মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করা হবে।
নার্সদের ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য-
১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ বন্ধ করা এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।
২. অধিদপ্তর প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন।
৩. নার্সদের ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।
৪. নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ দ্রুত ৯ম গ্রেডে উন্নীত করা।
৫. ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান প্রদান এবং সব গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করা।
৬. বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং/মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত নিয়োগবিধি ও বেতন কাঠামো নির্ধারণ।
৭. অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।
৮. নার্সদের ঝুঁকি ভাতা, ইউনিফর্ম পরিবর্তন, শয্যা-রোগী-চিকিৎসক সংখ্যার অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃষ্টি ও নিয়োগ নিশ্চিত করা।
বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নার্সদের পেশাগত মর্যাদা ও স্বতন্ত্রতার প্রতীক। এটি বিলুপ্ত বা অন্য কোনও অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং পেশাকে অবমূল্যায়ন করে। তাই তারা দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
© Deshchitro 2024