|
Date: 2025-11-24 07:59:57 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিন ধরে ভোররাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। সূর্য ওঠার বেশ কিছুক্ষণ পরও কুয়াশা কাটতে সময় লাগছে। তাপমাত্রা কমে আসায় সাধারণ মানুষ যেমন শীতের প্রকোপ অনুভব করছে, তেমনি সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে–খাওয়া শ্রমজীবী জনগোষ্ঠী।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, গত সপ্তাহের তুলনায় শীতের তীব্রতা কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে কৃষক, দিনমজুর, পরিবহন শ্রমিক ও রিকশাচালকদের কাজ করতে বেশ বেগ পোহাতে হচ্ছে। অনেকে আবার ঠাণ্ডাজনিত রোগে ভুগছেন—সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরাও।
সাতকানিয়া কেরানী হাট এলাকার একজন জানান, “ভোরবেলা বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। কুয়াশার কারণে রাস্তার দৃশ্যমানতা কমে যায়, আবার ঠাণ্ডা বাতাসে কাজ করাও কষ্টকর।”
অন্যদিকে লোহাগাড়ায় শীত নিবারণের জন্য অনেক পরিবার ঘরে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছে। বিশেষ করে পাহাড়ী এলাকায় শীতের তীব্রতা বাড়ছে বেশী।
স্থানীয় বাজারগুলোতে কম্বলের পাশাপাশি গরম কাপড়ের চাহিদা বেড়েছে। দরিদ্র ও অসহায়দের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণের দাবিও উঠেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সময়ে শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিতে হবে। পর্যাপ্ত গরম কাপড় ব্যবহার, হালকা উষ্ণ খাবার গ্রহণ ও ঠাণ্ডা বাতাস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।
© Deshchitro 2024