সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও বইছে শীতের হাওয়া। আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের আগমনী বার্তাকে আরও স্পষ্ট করেছে। শেষ রাত থেকেই নগরজুড়ে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে; পাশাপাশি দেখা গেছে সামান্য কুয়াশাও।


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদিনই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।


এদিকে, শুক্রবার রাতের সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024