|
Date: 2025-11-10 17:15:36 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আকাশে নামতে শুরু করেছে শীতের আগমনী সুর। গত কয়েকদিন ধরে সন্ধ্যা নামলেই বাতাসে বইছে ঠান্ডা হাওয়া, আর স্থানীয়দের মুখে মুখে শোনা যাচ্ছে— “শীত আইস্সে ভাই!”
গতকাল রাত ১১টার দিকে অনেক বাসিন্দা হঠাৎ করে ঠান্ডার আঁচ টের পান। কেউ কেউ প্রথমে ভেবেছিলেন, হয়তো হালকা বৃষ্টি আসছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায়— এটা শীতেরই বার্তা।
স্থানীয় এক চা দোকানদার এই প্রতিবেদককে জানান,
“রাতে চায়ের ক্রেতা বাড়ছে দ্বিগুণ। আগের দিনে এক পাত্র চা বানাইতাম, এখন দুই পাত্রেও শেষ হয় না। শীতের শুরুতেই ব্যবসা জমজমাট।”
অন্যদিকে, গৃহিণীরা শুরু করেছেন কম্বল, সোয়েটার ও পুরনো শীতবস্ত্র ঝাড়ার কর্মযজ্ঞ। একজন কলেজ পড়ুয়া হাসতে হাসতে বলেন,
“সারাবছর যে কম্বল তাকের ওপর থাকে, আজ সেটা ঘরে ফিরছে। মানে ব্যাপারটা সিরিয়াস!”
লোহাগাড়ার প্রবীণ বাসিন্দা একজন হাজী সাহেব শীতের এই আগমন নিয়ে বলেন,
“এইটা আসল শীত না। ডিসেম্বর এলে তখন বুঝবেন শীত কাকে বলে।”
চায়ের দোকান, আলাপ-আড্ডা আর উষ্ণ গল্পে এখন সরগরম পুরো লোহাগাড়া। অনেকেই বলছেন, বছরের এই সময়টা যেন এক অন্যরকম আনন্দ নিয়ে আসে—
শীতের হাওয়ায় গল্পের গরমেই মেতে আছে লোহাগাড়া।
© Deshchitro 2024