সাকিবুল হাছান 


শিক্ষার্থীদের মানসিক বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দময় শিক্ষাজীবন গঠনের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ব্রাহ্মণপাড়া উপজেলার ঢাকাস্থ শিক্ষার্থীদের সংগঠন “ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (বাসেড)” আয়োজন করে তাদের বহুল প্রতীক্ষিত কক্সবাজার ট্যুর ২০২৫। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই ট্যুর পরিণত হয় এক অনন্য মিলনমেলায়, যা সংগঠনের ইতিহাসে যুক্ত করেছে নতুন এক উজ্জ্বল অধ্যায়।


গত ৬ নভেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণ থেকে আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর পরিবেশে রওনা দেন অংশগ্রহণকারীরা। হাসি, সঙ্গীত আর বন্ধুত্বের উষ্ণতায় ভরপুর সেই যাত্রা গিয়ে মিশে যায় নীল সমুদ্রের শহর কক্সবাজারে। দুই দিনব্যাপী অবস্থান শেষে ৯ নভেম্বর সকলে ফিরে আসেন ঢাকায়, সঙ্গে নিয়ে অসংখ্য স্মৃতি ও অনুপ্রেরণা।


ট্যুরের দ্বিতীয় দিন ৭ নভেম্বর, কক্সবাজারের হোটেল ইউনি রিসোর্টে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন বাসেডের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জনাব সরকার জহিরুল হক মিঠুন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আইসিটি মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব সাইফুল হাসান, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জনাব হাজী জসীম উদ্দিন জসীম (ভিডিও কলে), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মুবারক হোসেইন, প্যারাডাইজ কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান জনাব মো. মনিরুল ইসলাম, মুসপানা গ্রুপের চেয়ারম্যান জনাব আতাউর রহমান সরকার রোজেল, প্রকৌশলী তারেক ভূইয়া, মুসপানা গ্রুপের এমডি আতিকুর রহমান সোহেল, বাসেডের পৃষ্ঠপোষক আইয়ুব সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী এড. আতিকুর রহমান খান, স্মার্ট গ্রুপের এমডি ফররুখ আহমেদ অঞ্জন, আর কে বিল্ডার্সের চেয়ারম্যান রহমতুল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রিদওয়ানুল কবির নাহিদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম তাহসান, বাসেডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ— জাকির হোসেন, মো. আলাউদ্দিন, আইয়ুব খান, এড. মেহেদী হাসান, এম এইচ আল আমিন প্রমুখ।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাসেডের প্রতিষ্ঠাতা জনাব সরকার জহিরুল হক মিঠুন বলেন, “বাসেড কক্সবাজার ট্যুর ২০২৫-এ এত শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের আত্মিক বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। অগ্রজ-অনুজদের এই মিলনমেলা ও অভিজ্ঞতার বিনিময় আগামী প্রজন্মের জন্য হবে এক দিকনির্দেশনা। ইনশাআল্লাহ, অন্যান্য কার্যক্রমের পাশাপাশি আমাদের এই বার্ষিক ট্যুর নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।” তাঁর বক্তব্যে উপস্থিত সবাই অনুপ্রাণিত হন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আলোচনা সভার শেষাংশে ঘোষণা করা হয় বাসেডের ২০২৫–২৬ সেশনের আংশিক কমিটি। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত হাসান সভাপতি এবং সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান রনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণের মধ্য দিয়ে বাসেড তাদের কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা করে। এই ট্যুরে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে সৃষ্টি হয় এক উষ্ণ বন্ধন, যা শুধু ভ্রমণ নয়— হয়ে ওঠে জ্ঞান, অভিজ্ঞতা ও ঐক্যের এক অবিস্মরণীয় উৎসব।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024