|
Date: 2025-11-06 15:50:51 |
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং 'বিকে ফ্যাশন'-এর স্বত্বাধিকারী বিকে লিটন-এর ব্যবসা প্রতিষ্ঠানের পাঁচ লাখ টাকার পণ্য লুটের ঘটনা ঘটেছে। তবে কোতোয়ালি থানা পুলিশের দ্রুত পদক্ষেপে সেই মালামাল উদ্ধার হয়েছে এবং চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।জানা যায়, বুধবার দুপুরে বিকে লিটনের এক কর্মী একটি রিকশায় বস্তাভর্তি পণ্য নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। পালবাড়ি মোড়ে পৌঁছালে রিকশাচালক শিমুল কৌশলে কর্মীকে রিকশা থেকে নামতে বলেন। কর্মী নামার সঙ্গে সঙ্গেই তার উপর হামলা চালানো হয়। এই সুযোগে রিকশাচালক শিমুল পণ্যসহ রিকশা নিয়ে চম্পট দেয়। পরে তার সহযোগীরাও পালিয়ে যায়।ঘটনাটি জানতে পেরেই কোতোয়ালি থানা পুলিশ গুরুত্বের সঙ্গে অভিযানে নামে। অভিযানে থাকা এসআই মোফাজ্জেল হোসেন জানান, রাত নয়টার পর ঝিকরগাছার নওয়াপাড়া মাঠপাড়া এলাকা থেকে রাজশাহীর আপন চন্দ্র নামে একজনকে আটক করা হয়।
আটককৃত আপন চন্দ্রের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ভোরে কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে খোয়া যাওয়া সমস্ত মালামাল উদ্ধার করে। এ সময় কার্তিক চন্দ্র নামে আরও একজনকে আটক করা হয়।এসআই মোফাজ্জেল হোসেন নিশ্চিত করেন, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। আটককৃত দুইজন ছাড়াও ঘটনার মূল হোতা ও রিকশাচালক শিমুল নামে আরও একজন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।মালামাল উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের ঘটনায় বিকে লিটন পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের তাৎক্ষণিক এবং গুরুত্ব দিয়ে নেওয়া পদক্ষেপের কারণেই এত দ্রুত পণ্য উদ্ধার করা সম্ভব হলো।
© Deshchitro 2024