|
Date: 2025-11-03 14:18:13 |
ঢাকা বরিশাল মহাসড়কে বালুর বস্তায় দাঁড় করানো বামরাইল ব্রিজ সংস্কারের দাবিতে বাসদ উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে আজ সকাল ১১টায় ব্রিজের গোড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাসদ উজিরপুর উপজেলা শাখার আহবায়ক আবুল কালাম মাস্টার। বক্তব্য রাখেন বাসদ উজিরপুর উপজেলা শাখার সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, বাসদ বরিশাল জেলা শাখার বর্ধিত ফোরামের সদস্য সাগর দাস আকাশ, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম সর্দার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ওটরা ইউনিয়ন শাখার সভাপতি লাকি বেগম, বাসদ ওটরা ইউনিয়ন শাখার আহবায়ক হরি দাস রায়, সদস্য সচিব খোকন গাজী।
বক্তারা বলেন, বামরাইল ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ঢাকা বরিশাল মহাসড়কে চলাচল করে। এরকম একটি সেতু বালুর বস্তার উপর দাঁড়িয়ে থাকা মানে সহস্র মানুষের প্রাণ ঝুঁকিতে ফেলা। বক্তারা অবিলম্বে এই ব্রিজটি সংস্কারের দাবি জানান এবং তার আগে ডাইভার্শন রোডের ব্যবস্থা করে মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল বামরাইল ব্রিজ সংস্কারের দাবিতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা ভূমি কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি পেশ করেন।
© Deshchitro 2024