|
Date: 2025-11-02 23:39:15 |
পিরোজপুরে কিশোর গ্যাং, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে জেলা ছাত্রদল। রবিবার (২ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় সংগঠনটির সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতারা স্কুল চলাকালীন সময়ে বাইরে অবস্থান করা কিছু শিক্ষার্থীকে বিদ্যালয়ে ফেরত পাঠান এবং তাদের গ্যাং কার্যক্রম বা অপরাধমূলক কাজে জড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেন। পরে তারা বিভিন্ন স্কুল পরিদর্শন করে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, কিশোর অপরাধ এখন সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। আজকের কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ—তাদের সঠিক পথে রাখতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলে এগিয়ে আসা জরুরি। সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা এই কর্মসূচি পরিচালনা করছি, এটি ধারাবাহিকভাবে চলবে। শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার আগে যেন রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ায়, সে বিষয়েও সংগঠনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হবে।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জেলা ছাত্রদলের উদ্যোগকে প্রশংসা জানিয়ে বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে এমন সামাজিক উদ্যোগ প্রশংসনীয়। পুলিশও সমন্বিতভাবে এই কার্যক্রমকে আরও জোরদার করছে।
© Deshchitro 2024