|
Date: 2025-11-01 14:48:25 |
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। তিনি বলেন, “সমবায় হলো সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির একটি কার্যকর মাধ্যম। সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম। প্রত্যেক সমবায়ী যদি সৎভাবে দায়িত্ব পালন করেন, তবে আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।” সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন সমবায় অফিসের ফ্যাসিলিটেটর মিসেস কেথরিন বেলা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, উপজেলা আইসিটি অফিসার শেখ মো. হাবিবুল্লাহ, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. ছালেহ আহাম্মদ, এবং উত্তরণ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। অনুষ্ঠানে ঝিনাইগাতী বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান মক্কু, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার মো. শাহাজাহান সিরাজসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024