|
Date: 2025-10-19 17:42:20 |
গোয়ালন্দে মা’ ইলিশ সংরক্ষণে অভিযান: পাঁচ জেলে আটক, বিপুল কারেন্ট জাল জব্দ
ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকার করায় রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ১৭ লাখ ৫৫ হাজার টাকার ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অস্থায়ী কন্টিজেন্ট রাজবাড়ীর নেতৃত্বে দৌলতদিয়া পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, বাংলাদেশ কোস্টগার্ডের গোয়ালন্দ কন্টিজেন্ট ইনচার্জ মোঃ শাহিন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জব্দ করা জাল পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়। আটক পাঁচ জেলের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন,
“ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আমরা নিয়মিতভাবে অভিযান চালাচ্ছি। মা ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। নদীতে অবৈধ জাল ব্যবহার ও মাছ শিকার বন্ধে আমাদের নজরদারি অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন,
“ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এর উৎপাদন টিকিয়ে রাখতে এখনই সচেতন হতে হবে। জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে করা হচ্ছে।”
© Deshchitro 2024