|
Date: 2025-10-17 07:18:24 |
সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিক (এইচএসসি)২০২৫ সালের পরীক্ষার ফলাফলে নড়াইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী শিফা খানম অর্জন করেছে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫। তার এই অসাধারণ কৃতিত্বে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।
শিফা খানম যশোর জেলার অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কামকুল গ্রামের কৃতি সন্তান। তার পিতা মনিরুল মিনা ও মাতা তহোমিনা খাতুন—দুজনেই মেয়ের এ সাফল্যে গর্বিত ও আবেগাপ্লুত।
ইতিপূর্বে এসএসসি পরীক্ষাতেও গোল্ডেন এ প্লাস অর্জন করেছিল শিফা। ধারাবাহিক এ সফলতায় সে নিজেকে আরও একধাপ এগিয়ে নিল।
নিজের অনুভূতি প্রকাশ করে শিফা জানায়—
“আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমার পিতা-মাতা ও শিক্ষকদের। তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের সহযোগিতা ও দোয়ার কারণেই আজকের এই ফলাফল।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সে জানায়, “আমি একটি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই। এরপর নিজের লক্ষ্য নির্ধারণ করব। আমার স্বপ্ন পূরণে সকলের দোয়া কামনা করছি।”
প্রতিটি মানুষ স্বপ্ন দেখে— কেউ রাজনীতিবিদ হতে চায়, কেউ উচ্চপদস্থ কর্মকর্তা, কেউবা ডাক্তার বা ইঞ্জিনিয়ার। শিফা বিশ্বাস করে, পরিশ্রম ও সততাই স্বপ্ন মূল চাবিকাঠি।
দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন,“শিফা পরিশ্রমী, ভদ্র ও অনুপ্রেরণামূলক এক শিক্ষার্থী। তার এই সাফল্য প্রতিষ্ঠানটির জন্য গৌরবের।
”শিফার এ কৃতিত্ব শুধুমাত্র তার নয়— এটি তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমগ্র এলাকার জন্য এক অনন্য গর্বের অর্জন।
© Deshchitro 2024