|
Date: 2025-10-15 20:51:50 |
মোঃ গোলাম মোস্তফা :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরের শিবচরে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান (শাহাদাত কমিশনার)-এর সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাজাহান হোসেন (সাজু) মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র পদ প্রত্যাশী জনাব আজমল হোসেন খান (সেলিম), এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মাদবর। এছাড়াও ছাত্রদল, যুবদল ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা এবং এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে। তারা আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভাকে ঘিরে উমেদপুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা যোগ দেন। এতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
© Deshchitro 2024