|
Date: 2025-10-10 14:23:31 |
বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসায় যাওয়ার কথা বলায় মায়ের উপর অভিমান করে বিষাক্ত কীটনাশক পানে মোহন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষীপুর পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোহন ওই গ্রামের মহসিন আলীর ছেলে।
জানা যায়, আদমদীঘি উপজেলার নশরৎপুর বাজারে নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতেন মোহন। মাদ্রাসা থেকে ছুটি নিয়ে কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন। গত বৃহস্পতিবার সকালে মোহনকে মাদ্রাসায় রেখে আসতে চায় তার মা সিদ্দিকা বেগম। কিন্তু মোহন মাদ্রাসায় যাবে না বলে মার সাথে কথা কাটাকাটি করে। একপর্যায়ে সে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসে। পরে সবার অজান্তে মার উপর অভিমান করে বাড়ির পাশে ধান ক্ষেতে গিয়ে জমিতে ব্যবহার করা বিষাক্ত কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পড়েন মোহন। এরপর তার চিৎকারে এগিয়ে এলে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
মোহনের মামা লাল চাঁন জানায়, মাদ্রাসায় যাবে না বলে তার মার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মোহন বিষাক্ত তরল কীটনাশক পান করে।
ঘটনা তদন্তকারি থানার উপ পরিদর্শক বাবুল আখতার জানান, পরিবারের পক্ষে কোন অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
© Deshchitro 2024