|
Date: 2025-10-08 22:42:10 |
রংপুরের পীরগাছার দুই কৃতিসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্য মিফতাহুল হুসাইন মারুফ ও শেখ মুজিব হলের সাহিত্য সম্পাদক আবিদ হাসান রাফিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে তাদেরকে সংবর্ধনা দেন রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন।
এসময় জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি ও মিফতাহুল হুসাইন মারুফের বাবা মোতালেব হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল ও সেক্রেটারী মোস্তাফিজার রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাকসুর কার্যকরী পরিষদ সদস্য মিফতাহুল হুসাইন মারুফ ৫হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি উপজেলার পারুল ইউনিয়নের মহিষমুড়ী গ্রামের মোতালেব হোসেন ও মনঝুরী বেগম দম্পত্তির একমাত্র ছেলে। তার বাবা মোতালেব হোসেন পীরগাছা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান। তার মা মনঝুরী বেগম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। মিফতাহুল হুসাইন মারুফ ২০১৭ সালে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৯ সালে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করছেন।
শেখ মুজিব হলের সাহিত্য সম্পাদক আবিদ হাসান রাফি ৫৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি পীরগাছা ইউনিয়নের পবিত্রঝাড় গ্রামের ডা. জাকির হোসেন ও আরেফা বেগম দম্পত্তির বড় ছেলে। তা বাবা ডা. জাকির দিলালপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও সাবেক উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ছিলেন। আবিদ হাসান রাফি ২০১৯ সালে ধাপ সাতগাড়া মাদ্রাসা থেকে দাখিল, ২০২১ সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
এদিকে পীরগাছার দুই কৃতিসন্তান মিফতাহুল হুসাইন মারুফ ও আবিদ হাসান রাফি দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ডাকসুর কার্যকরী পরিষদ সদস্য ও শেখ মুজিব হলের সাহিত্য সম্পাদক নির্বাচিত হওয়ায় উপজেলার সর্বস্তরের মানুষ তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
© Deshchitro 2024