|
Date: 2025-10-05 16:46:28 |
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ অক্টোবর রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ জাহিদ হাসান প্রিন্স, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম. রেজাউল করিম খান, শেরপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024