|
Date: 2025-10-03 20:44:13 |
‘মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষের পাশে দাঁড়াই’-এই স্লোগানকে ধারণ করে রংপুরের পীরগাছায় তালগাছের প্রায় দুই হাজার বীজ বপন করার উদ্যোগ হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ রক্তদান ও বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন’। এর অংশ হিসেবে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার পীরগাছা ইউনিয়ন ও তাম্বুলপুর ইউনিয়ন সংযোগ সড়ক (মোলগানি ও শিংরিয়ার) দোলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম বলেন, তালগাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অক্সিজেন সরবরাহ করে ও বাতাসের কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে বায়ুমণ্ডলকে শুদ্ধ রাখে। তালগাছ বজ্রপাত আকর্ষণ করে আশপাশের মানুষকে সুরক্ষা দেয় এবং মাটির ক্ষয় রোধ করে ভূমি সংরক্ষণে সহায়তা করে।
ফাউন্ডেশনের সদস্য মহিদুল ইসলাম মোহন বলেন, তালগাছ ডাল ও পাতায় নানা প্রাণী আশ্রয় নেয়, ফলে জীববৈচিত্র টিকে থাকে। দীর্ঘদিন বেঁচে থাকার কারণে এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক। এছাড়াও তালগাছ গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধি করে এবং ঝড়ের গতি ভাঙতে প্রাকৃতিক ব্যারিয়ার হিসেবে কাজ করে।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য গোলাম হাবিব পলাশ, শাহিন আলম, রিপন মিয়া, শাহজালাল, আসাদুজ্জামান রানা, মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম অর্পন ও আমানুল ইসলামসহ আরও অনেকে।
সংগঠনটি বিনামূল্যে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ও চিকিৎসা সহায়তা প্রদান, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতাসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কাজ করে থাকে।
© Deshchitro 2024