জয়পুরহাটের আক্কেলপুরে কীটনাশকের দোকানের পাশে রাখা বাঁশ দিয়ে মই তৈরি করে দেয়ালের ইট ভেঙে কীটনাশক চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার তিলকপুর ইউনিয়নের পূর্ববাজারে এ ঘটনা ঘটে।  কীটনাশকের দোকান মেসার্স রোহান ট্রেডার্সের মালিক আবু আহাদ রনি (৩৬)। তিনি ওই ইউনিয়নের বামনি গ্রামের বাসিন্দা। দোকান মালিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে চলে যান দোকান মালিক রনি। আজ শুক্রবার সকালে বাজারে এলে পার্শ্ববর্তী চায়ের দোকানদার তাকে জানান তার দোকানের দেয়ালে মই লাগানো আছে। পরে দোকান খুলে দেখেন দেয়ালের ইট ভেঙে ভেতর থেকে বাছাই করে প্রায় দেড় লক্ষাধিক টাকার কীটনাশক চুরি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকান মালিক আবু আহাদ রনি বলেন, ‘মই তৈরি করে দড়ি লাগিয়ে দেয়ালের ইট ভেঙে আমার দোকানের কীটনাশক চুরি হয়েছে। বাছাই করে শুধু বেশি দামের কীটনাশক নিয়ে গেছে। আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024